ঢালিউড

অর্ধডজন প্রেক্ষাগৃহে ‘ঢাকা ড্রিম’

ঢাকা, ২২ অক্টোবর – শুক্রবার (২২ অক্টোবর) দেশের ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ সিনেমাটি।

নগরীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা-সনি সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং কিশোরগঞ্জ কুলিয়াচরের রাজ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ঢাকা ড্রিম’।

নির্মাতা প্রসূন রহমান রাইজিংবিডি বলেন, ‘‘আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ঢাকা ড্রিম’। পাশাপাশি কিছু সিঙ্গেল স্ক্রিনের বিষয়টিও পরিকল্পনায় রেখেছি। আশা করি, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বৃদ্ধি পাবে।’’

ঢাকায় আসা বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে গড়ে উঠেছে এ চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রটির জুলিয়া চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এ অভিনেত্রী বলেন—‘‘ঢাকা ড্রিম’ মুক্তির বিষয়টি আমার জন‌্য অত‌্যন্ত আনন্দের। এতে আমি যে ধরণের চরিত্রে অভিনয় করেছি আর কোনো চলচ্চিত্রে আমাকে এমন রূপে দেখা যায়নি। চলচ্চিত্রটিতে বেশ কিছু গান রয়েছে, যেসব গানে মমতাজ আপা, কুমার বিশ্বজিৎ দাদার মতো প্রখ‌্যাত সব শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।’’

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল প্রমুখ।

এন এইচ, ২২ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language