ঢালিউড

‘পরীমনির আচরণ ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে’

ঢাকা, ১৭ সেপ্টেম্বর – ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেছেন পরীমনি। সেখানে দেখা যাচ্ছে- সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী।

পরীর পরনে সাদা-কালো রঙের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে পরেছেন কেডস। সেখানে তার হাতের ‘…ক মি মোর’ লেখাটি স্পষ্ট। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।

পরীর মতো একজন পাবলিক ফিগারের কাছ থেকে এমন আচরণ ভালোভাবে নেয়নি অনেকেই।

পরীর সেই ছবিগুলো ফেসবুক ওয়ালে শেয়ার করে রাজনীতিবিদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ লিখেছেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়। এগুলো আমাদের ছেলে-মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের সঙ্গে জড়িয়েই বড় হচ্ছে শিশু-কিশোররা। তারা ডিজিটাল মাধ্যম ব্যবহারে পটু, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দৃষ্টি বিদ্যমান। এমন একটি স্পর্শকাতর সময়েই হাতের তালুতে মেহেদি দিয়ে আঁকা ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে ভয়াবহ অশ্লীলতার ইঙ্গিত দিয়েছেন পরীমনি। যা নিয়ে নানান মহলে সমালোচনার ঝড় উঠেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ সেপ্টেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language