নাটক

২১ লাখ ছাড়িয়ে মিথিলা-তারিন-তিশা

ঢাকা, ২৪ আগস্ট – মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা, তানজিন তিশা, তারিন জাহান একসঙ্গে অভিনয় করেছেন ‘সাহসিকা’ নামে একটি ফিচার ফিল্মে। গত ঈদুল আজহায় দীপ্ত টিভিতে প্রচার হয় এটি। যা গত ১০ আগস্ট টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। মাত্র ১০ দিনে চলচ্চিত্রটির ভিউ দাঁড়ায় ২০ লাখ। এ পর্যন্ত যায় ভিউ দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ।

এ বিষয়ে দীপ্ত টিভি কর্তৃপক্ষ জানায়, টিভিতে প্রচারের পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এটি। এ কারণে ইউটিউবে মুক্তির পরও দর্শকপ্রিয়তা পেয়েছে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে জানা যায়, কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। টিনএজ বয়সের এই প্রেমে আঘাত পায় ফারিয়া। কারণ মাহাদির কাছেই তাকে ধর্ষণের শিকার হতে হয়। প্রেম মুছে যায়, থেকে যায় গ্লানি। পরিবার থেকে শুনতে হয় হাজারটা তিরষ্কার, ঘটনা ধামাচাপা দিতে চায় তার আপন মানুষেরাও। অন‌্যদিকে মাহাদি হুমকি দিতে থাকে ফারিয়াকে।

ভিকটিম ফারিয়ার ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা, মাহাদি চরিত্রে মনোজ প্রামাণিক। পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যরিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার। আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। তানিম রহমান অংশু পরিচালিত চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।

এন এইচ, ২৪ আগস্ট

Back to top button
🌐 Read in Your Language