ঢালিউড

পরীমনির ফলোয়ার বেড়েছে প্রায় ৩ মিলিয়ন

ঢাকা, ১১ আগস্ট – ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে এখন আলোচনা সবখানে। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বোট ক্লাব, আটক এবং মাদক মামলাসহ নানা বিষয় এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। এত আলোচনা-সমালোচনার মধ্যেও কমেনি তার অনুসারীর সংখ্যা। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর সংখ্যা এখন আকাশমুখী।

দুই ঘটনায় গত দুই মাসে তার ফলোয়ার বেড়েছে প্রায় তিন মিলিয়ন। একটি ছিল ১৩ জুন ধর্ষণচেষ্টার অভিযোগ এনে স্ট্যাটাস এবং অপরটি হলো ৪ আগস্ট পরী র‌্যাবের হাতে আটক হওয়ার আগে তার করা ফেসবুক লাইভ।

এর আগে, গত জুনে তার ফলোয়ার ছিল ১০ মিলিয়ন আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ মিলিয়নে। পরীর এই পেজটির লাইক সংখ্যা এখন ৯.৪ মিলিয়ন।

এদিকে, প্রায় দুই মাস আগে ১৩ জুন পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল। এ বিষয়ে তিনি চারদিন আগে বনানী থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলেও থানা পুলিশ তা নেয়নি। এজন্য তিনি বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এরপর গত ৪ আগস্ট বিকেলে পরীমনি হঠাৎ লাইভে আসেন। এদিন বিকেল ৪টায় লাইভে এসেই তিনি বলেন, ‘আমি বনানী থানা ও প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাসায় সিভিলে কারা যেন এসে নিচের গেট ভাঙাভাঙি করে ওপরে চলে এসেছে। আমি পরিচয় জানতে চাইলে তারা বলেন, আগে গেট খুলেন তারপর পরিচয় দিচ্ছি। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আচ্ছা পুলিশরা কেউ শুনছে না, মরে গেলে আসবেন, এরা ডাকাত হলে…।’

পরীর এমন বক্তব্য ও তার উৎকণ্ঠামাখা চেহারা মুহূর্তে অগ্নিফুলকির মতো ছড়িয়ে পড়ে। সেই লাইভেই যুক্ত হন তিন লাখের মতো মানুষ। যার ভিউ হয় ৩৮ মিলিয়ন।

সবমিলিয়ে পরী এখন ফলোয়ারের তালিকার শীর্ষে অবস্থান করছেন।

এন এইচ, ১১ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language