অন্যান্য
ক্যান্সারজয়ী ফনসেকার হাত ধরে টোকিও অলিম্পিকে পর্তুগালের প্রথম পদক

টোকিও, ৩০ জুলাই – পদকটি স্বর্ণের নয়, ব্রোঞ্জের। জর্জ ফনসেকার কাছে এই পদকটির মূল্য যে অনেক। ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর পর্তুগালের এ জুডোকা ছেড়ে দিয়েছিলেন বাঁচার আশা। ২০১৬ রিও অলিম্পিকে খেলার জন্য ডাবল সেশন কেমোথেরাপি দিয়েছিলেন।
রিওতে খেললেও ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। দীর্ঘ চিকিৎসার পর ক্যান্সারকে হার মানিয়ে ফিরেছেন জুডোর ম্যাটে। অলিম্পিকের মঞ্চে নিজের দেশের পতাকা উড়িয়েছেন।
গতকাল টোকিও অলিম্পিকে জুডোতে ছেলেদের মাইনাস ১০০ কেজি ওজন শ্রেণির লড়াইয়ে ব্রোঞ্জ জেতেন ২৮ বছর বয়সী ফনসেকা। তার হাত ধরে এবারের অলিম্পিকে প্রথম পদক পেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।
জুডোতে জাপানের আধিপত্য চলছেই। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন স্বাগতিক দেশের উলফ অ্যারন।
সূত্র: সমকাল
এম ইউ/৩০ জুলাই ২০২১









