ত্রিপুরা

ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল ডেল্টা প্লাস রূপ, উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে প্রথম

আগরতলা, ১০ জুলাই – উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলেছে করোনার ডেল্টা প্লাস ধরন। উত্তর-পূর্ব কোনও রাজ্যে এই প্রথম ডেল্টা প্লাসের হদিশ মিলল।

রাজ্য প্রশাসন সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা রূপেরও হদিশ মিলেছে বলে ত্রিপুরার এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

উত্তরপ্রদেশে দু’জনের দেহে শুক্রবারই ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, দেশের ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা, রাজস্থান, জম্মু, কর্নাটক ও হরিয়ানা। এ তালিকায় এ বার নতুন সংযোজন ত্রিপুরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই করোনার এই রূপকে ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে। ত্রিপুরায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে ৫৭৪ জনের।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ জুলাই

Back to top button
🌐 Read in Your Language