বঙ্গবন্ধুকে বিএনপি নেতার কটূক্তি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাত্রলীগের

বরিশাল, ২১ অক্টোবর- বরিশালের মুলাদী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে চরকালেখান ইউনিয়নের চরকালেখান কলেজ ও মাদ্রাসা বাজার এলাকায় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন।
সোমবার চরকালেখান কলেজের একটি অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আ. ছত্তার খান প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ এনে ছাত্রলীগ নেতাকমীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দেয় এবং অধ্যক্ষ মো. কবির হোসেন খানকে অবাঞ্চিত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার চরকালেখান আদর্শ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মহাদেব আচার্যের অবসরজনিত কারণে কলেজে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কলেজের দাতা সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আ. ছত্তার খান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে কলেজের প্রভাষক মো. ইউসুফ আলী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তব্য দেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, আ. ছত্তার খান ওই শিক্ষকের বক্তব্যের জের ধরে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন এবং তিনি ইচ্ছা করলে জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে বক্তব্য দিতে পারেন বলে মন্তব্য করেন। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মোহসীন উদ্দীন খান উপস্থিত ছিলেন। সেদিন বিকেলেই ছাত্রলীগ নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে বিক্ষোভ করেন এবং আজ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন।
পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মো. মুরাদ হোসেন, চরকালেখান ইউনিয়ন ছাত্রলীগ নেতা এস এম তারেক হোসেন, মেহেদী হাসান তারেক, নাঈম জমাদার, তামিম হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
আরও পড়ুন: প্রকাশ্যে দর্জিকে চড় মারলেন বরগুনা সদর থানার ওসি!
এ সময় চরকালেখান ইউপি চেয়ারম্যান বঙ্গবন্ধুর কটূক্তির প্রতিবাদ না করায় নেতাকর্মীরা তার বিরুদ্ধেও বিভিন্ন শ্লোগান দেন এবং উপজেলা বিএনপি সভাপতিকে প্রধান অতিথি করায় কলেজ অধ্যক্ষ মো. কবির হোসেন খানকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত তার অপসারণের দাবি জানান।
এ সময় চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোশারেফ হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক দিদার তালুকদার, নাসির উদ্দীন সরদার, বাকী মৃধা, শরফুদ্দিন সরদার, শাহাবুদ্দিন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ করতে গেলে পুলিশ বাধা দিলেও বাধা উপেক্ষা করে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে চরকালেখান কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান বলেন, ‘বিএনপি নেতা আ. ছত্তার খান কলেজের দাতা সদস্য। সোমবার তিনি চরকালেখান মৃধাহাট এলাকায় একটি জানাজা থেকে ফেরার পথে কলেজ গিয়েছিলেন। পরে তিনি বিদায় অনুষ্ঠানে বক্তব্যে সবাইকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করেননি।’
এদিকে বিএনপি সভাপতি আ. ছাত্তার খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আমার বক্তব্যে কোনো নেতার নাম উচ্চারণ করিনি। একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলছে।’
সূত্র : আমাদের সময়
এম এন / ২১ অক্টোবর









