বরগুনায় অপহৃত কিশোরী উদ্ধার, টিকটক রুবেলসহ আটক ২
বরগুনা ,০৮ জুন- বরগুনা থেকে অপহৃত কিশোরীকে (১৫) নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে মূল অপহরণকারী টিকটক রুবেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত কিশোরীর ফুফু জানিয়েছেন, রুবেল (২৮) নামের এক টিকটকার প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা বরগুনা সদর থানায় অপহরণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার (৭ জুন) সকালে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে টিকটকার রুবেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে। টিকটক রুবেল নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি নতুন মহল্লা এলাকার বাসিন্দা দুলালের ছেলে।
বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম বলেন, গত ৩০ মে কিশোরীর ফুপু বরগুনা থানায় একটি মামলা করেন। মামলায় তিনি উল্লেখ্য করেন, তার ভাই ইব্রাহিমের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকের মাধ্যমে রুবেল নামের এক তরুনের পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে কিশোরীর বাবা ইব্রাহীম রুবেলের মুঠোফোন নম্বর সংগ্রহ করে ফোনে তার মেয়ের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন। ৩০ মে বিকেল চারটার দিকে ওই কিশোরী স্থানীয় বাজারে বিউটি পার্লারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা কিশোরীর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পরে স্থানীয় পান্না ও রাসেল মিয়ার স্ত্রী বন্যার মাধ্যমে তারা জানতে পারেন, রুবেল ও তার সহযোগী আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি সাদা একটি মাইক্রোবাসে করে কিশোরীকে তুলে নিয়ে যায়।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, কিশোরীর ব্যাপারে থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অবস্থান শনাক্তের চেষ্টা করে। অবস্থান স্পষ্ট হওয়ার বরগুনা থানার উপ-পরিদর্শক হারুন-অর রশিদের নেতৃত্বে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পাইনাদি নতুন মহল্লার জুয়েল রোডের আকবর আলীর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে সোমবার সকাল সাড়ে আটটার দিকে কিশোরীকে উদ্ধার করা হয়।
এসময় অপহরণের অভিযোগে রুবেল ও তার এক সহেযাগীকে গ্রেপ্তার করা হয়। ভিক্টিমসহ পুলিশ আসামিদের নিয়ে বরগুনায় যান।
মেহেদী হাসান বলেন, টিকটক রুবেল ভোলা জেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। রুবেল এর আগে মালদ্বীপ থাকত। সম্প্রতি সে দেশে এসে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে এবং নারায়নগঞ্জে ওই বাসায় বাবার সাথে ভাড়া থাকতো।
তথ্যসূত্র: আরটিভি
এস সি/০৮ জুন








