ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার

ফরিদপুর, ২৪ মে – বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে ফরিদপুরে একটি চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি মোবাইল ফোন, ৫৮টি সিম কার্ড জব্দ করা হয়।
রোববার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ মে) ভোর রাতে জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সম্প্রতি ফরিদপুরে অটোবাইক চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ মে









