দক্ষিণ এশিয়া

একসঙ্গে দুই বোনকে বিয়ে করে কারাগারে বর

নয়াদিল্লী, ২০ মে– একই মঞ্চে দুই বোনের বিয়ে। তবে বর একজনই। দুই পরিবারের সম্মতিতেই এমন বিয়ের আয়োজন করা হয়। বরের পাশাপাশি খুশী ছিল দুই বোনের পরিবারও। তবে তাদের সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এমন বিয়ে আয়োজনের দায়ে বরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলু গ্রামে। উমাপাতি নামের ৩০ বছর বয়সী এক যুবক গত ৭ মে একই গ্রামের ১৯ এবং ১৬ বছর বয়সী দুই বোনকে বিয়ে করেন। শনিবার ওই বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গত সোমবার পুলিশ উমাপতিকে গ্রেপ্তার করে।

নিয়মানুযায়ী কোনো ব্যক্তি একসঙ্গে দুজনকে বিয়ে করতে পারেন না। দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উমাপতি দুই বোনের মধ্যে ললিতাকে বিয়ের প্রস্তাব দেন। ললিতা তাকে বিয়ে করতে রাজী হলেও এক শর্ত রাখেন। ললিতা জানান, তার বোন সুপ্রিয়াকেও একসঙ্গে বিয়ে করতে হবে। কারণ বাক প্রতিবন্ধী হওয়ার কারণে সুপ্রিয়ার বিয়ে হচ্ছিল না। পরে দুই পরিবারের সম্মতিতেই উমাপতি দুই বোনকে একই মণ্ডপে বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনা ওই পরিবারে আগেও ঘটেছে। কনের বাবা নাগরাজাপাও একই মণ্ডপে দুই বোনকে বিয়ে করেছিলেন। কারণ দুই বোনের একজন বাক প্রতিবন্ধী ছিলেন।

সূত্র : আমাদের সময়
এম এন / ২০ মে


Back to top button
🌐 Read in Your Language