ক্রিকেট

পিএসএল নয়, ডিপিএলেই খেলবেন সাকিব

ঢাকা, ১২ মে – কয়েক দফা পেছানোর পর আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। মে মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এ আসরে অংশ নিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলাবেন না সাকিব আল হাসান।

আগামী ১ জুন থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে মাঝপথে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা সাকিবের। এছাড়া তার জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহর মুলতান সুলতানসের এবং লিটন দাসের করাচী কিংসের হয়ে খেলার কথা রয়েছে।

তবে একই সময়ে প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় ঘরোয়া লিগের আসরকেই সাকিব বেছে নিয়েছেন বলে জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। এবার মোহামেডানের হয়ে সাকিব খেলবেন তা মঙ্গলবার (১১ মে) চিঠি দিয়ে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসকে (সিসিডিএম) জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

একটি গণমাধ্যমকে তরিকুল ইসলাম টিটু জানান, ‘সাকিবের স্বাক্ষরিত একটি চিঠি আমরা সিসিডিএমে জমা দিয়েছি। যেখানে বলা হয়েছে, সে এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী। সে পিএসএলে খেলবে না এবং ডিপিএলের অংশ হতে চায়। সে একজন মুক্ত খেলোয়াড় কারণ নিষেধাজ্ঞার কারণে ২০১৯-২০ মৌসুমে তাকে কেউ দলে নেয়নি। এখন সে নিতে পারবে এবং আমরা তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছি। যদিও বিসিবি এখনও অনুমতি দেয়নি তবে আমরা শিগগিরই পাব বলে আশা করি।’

আগামী ৩১ মে থেকে নতুন করে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সময় স্বল্পতার কারণে ওয়ানডের পরিবর্তে এবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে এ আসর। এর আগে করোনা কারণে দুইবার পিছিয়েছে এ আসর। জানা গেছে, সাকিব প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহী হলেও মাহমুদউল্লাহ ও লিটন পিএসএলে যেতে আগ্রহী। তবে গুঞ্জন রয়েছে, তাদেরকে ঘরোয়া লিগ রেখে পাকিস্তানে যেতে ছাড়পত্র নাও দিতে পারে বিসিবি।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১২ মে


Back to top button
🌐 Read in Your Language