রাজশাহী

এক রাতে ৯ জনের মৃত্যু রামেকের করোনা ওয়ার্ডে

রাজশাহী, ০৪ মে– রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রাতে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন ছিলেন করোনা পজিটিভ, বাকি তিনজনের উপসর্গ ছিল। সোমবার রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা ওয়ার্ডে ৯৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত। বাকি ৫৪ জনের উপসর্গ রয়েছে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।

এদিকে, মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৯০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০, নওগাঁয় ৩৪, নাটোরে ১৭, জয়পুরহাটে ১১, সিরাজগঞ্জে ২৩ এবং পাবনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার বিভাগের আট জেলায় ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০, নওগাঁয় চার, নাটোরে ছয়, জয়পুরহাটে দুই, বগুড়ায় ১৫, সিরাজগঞ্জে ১২ এবং পাবনায় আটজন। এ বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৬২৬ জন। এর মধ্যে সেরে উঠেছেন ২৮ হাজার ৪১৩ জন।

সূত্র : সমকাল
এম এন / ০৪ মে


Back to top button
🌐 Read in Your Language