সিলেট

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই

সিলেট, ১১ মার্চ – সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ছিলেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। গত রোববার তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে ফলাফল পজিটিভ আসে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। এরপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন তিনি।

২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই এমপি সামাদ সম্মুখে থেকে সেবা করেছেন জনসাধারণের। খাদ্য, অর্থ, ওষুধ বিলিয়েছেন বিরামহীনভাবে।

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এন এ/ ১১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language