জাতীয়

৭ মার্চ বাঙালি জাতির জন্য এক অনন্য মাইলফলক : স্পিকার

ঢাকা, ০৭ মার্চ – স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ৭ মার্চ বাঙালি জাতির জন্য এক অনন্য মাইলফলক।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ বাংলাদেশের উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ : হোয়াট ডাজ ইট টেক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খবর বাসসের

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঐতিহাসিক ৭ মার্চ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য মহান স্বাধীনতা সংগ্রামে সবাইকে একত্রিত করেছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। ঐতিহাসিক ৭ মার্চকে সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। সে কারণে ২০২১ সালের নারী দিবস এক অন্য মাত্রা পেয়েছে।

আরও পড়ুন : ৭ মার্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী

তিনি বলেন, নারীরা পরিবর্তনের শক্তিশালী ও কার্যকর প্রতিনিধি। নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি। নারী নেতৃত্বের অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। এজন্য বৈশ্বিক প্রতিক্রিয়া ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় দরকার।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর সভাপতিত্বে আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমেদ এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, পুলিশের ডিআইজি আমেনা বেগম, মিডওয়াইফারি অফিসার করিমা বেগম এবং অল ফর ওয়ান ফাউন্ডেশনের চেয়ারপারসন কামরুন্নেসা মীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, জাতিসংঘ বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র : সমকাল
এন এইচ, ০৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language