চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেই রোনালদো

করোনা পজিটিভ হয়েছেন পর্তুগাল ও জুভেন্টাসের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ ফুটবল ফেডারেশন এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে। ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে রোনালদো দেহে অবশ্য কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি। এ কারণে সুইডেনের বিপক্ষে উয়েফা নেশনস কাপের ম্যাচে রোনালদো খেলতে পারবেন না।
এদিকে রোনালদোর করোনায় আক্রান্তের খবরে দুঃশ্চিন্তায় পড়েছে জুভেন্টাস। সিরি-এ লিগের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী কোন খেলোয়াড় করোনা পজিটিভ হলে তাকে অবশ্যই ১০ দিনের সেল্ফ-আইসোলেশনে থাকতে হবে এবং ম্যাচ শুরু করার আগে নেগেটিভ রেকর্ড দেখাতে হবে। এর অর্থ হচ্ছে শনিবার ক্রোটোনের বিপক্ষে সিরিএ ম্যাচ ছাড়াও আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ডায়নামো কিয়েভের বিপক্ষে প্রথম ম্যাচটিতে রোনালদো খেলতে পারছেন না। একইসাথে ২৮ অক্টোবর বার্সেলেনোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। জুভেন্টাসের দুজন স্টাফ করোনা পজিটিভি হওয়া সত্ত্বেও রোনালদোসহ অন্য জুভ সতীর্থরা ক্লাব ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। যা নিয়ে কার্যত বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: রোনালদোর করোনা পরীক্ষায় জালিয়াতি!
হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে রোনালদোর আগে ব্রাজিল ফরোয়ার্ড নেইমার ও তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, এসি মিলান স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে, মিডফিল্ডার থিয়াগো আলকানতারা করোনায় আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে রোনালদোর দুই পর্তুগিজ সতীর্থ গোলরক্ষক অ্যান্থনি লোপেজ ও ডিফেন্ডার হোসে ফন্টের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। মূলত আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের মধ্যে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। ওয়েলসের সঙ্গে নেশন্স লিগে ড্র করার আগমুহূর্তে আয়ারল্যান্ডের পাঁচজন খেলোয়াড়ের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। ইউক্রেনের ১৪ জন খেলোয়াড় এ ভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো নতুন দল নিয়ে তাদের জার্মানির বিপক্ষে নেশনস লিগে খেলতে হয়েছে।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৪ অক্টোবর









