দক্ষিণ এশিয়া

মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

ইসলামাবাদ,২৯ নভেম্বর- চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত পাকিস্তানের প্রথম নভোচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলীর সঙ্গে সরাসরি কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

গত শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মহাকাশ ও বায়ুমণ্ডল গবেষণা কমিশনের (সুপারকো) সদর দপ্তর থেকে এই কথোপকথন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এ ছাড়া উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং।

ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ নভেম্বর চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে পৃথিবীর কক্ষপথে পৌঁছান জিশান আলী। লং মার্চ-২এফ রকেটে করে মহাকাশযানটি চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর ইতিহাস গড়েন তিনি। একই সঙ্গে চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবে তিয়াংগং মহাকাশ স্টেশনেও যোগ দেন তিনি।

মহাকাশে অবস্থানকালে বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিচ্ছেন জিশান আলী। এসব গবেষণার মধ্যে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তৈরি চারটি পরীক্ষামূলক গবেষণাও রয়েছে। গবেষণাগুলোতে উন্নত উপকরণ, কৃষি ও জীববিজ্ঞানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

শেহবাজ শরিফ এই অর্জনকে পাকিস্তানের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তাঁর মতে, এই অভিযানের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পাকিস্তানের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার পথ খুলে দেবে। এই সাফল্যে চীনের সহযোগিতার প্রশংসা করার পাশাপাশি সুপারকো, পাকিস্তানি বিজ্ঞানী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন তিনি।

আসিম মুনিরও নভোচারীকে অভিনন্দন জানান। তিনি বলেন, চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের প্রতিফলন।

পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির সময়ে এই অভিযান দুই দেশের মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language