জাতীয়

প্রথম ধাপে ২১ জানুয়ারি ১,০৪২ ইউপিতে ভোট, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন ইসির

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা,২৯ নভেম্বর-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনি কর্মকর্তা এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে।

প্রস্তুতির শেষ পর্যায়ে রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এ ছাড়া আগামী ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির শীর্ষ কর্মকর্তারা।

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি সব কাজ সম্পন্ন করা হবে।

ইসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের ৪৫ দিন আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এই তফসিল ঘোষণা করবেন।

ইসির কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তারা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান কমিটির মাধ্যমে অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, তাদের পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ করা হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার কোনো কারণ তারা দেখছেন না। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি তৈরি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। আগামী ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই এসব কার্যক্রম নেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, ভোটার তালিকা প্রকাশ, আইন সংশোধনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার জানান, তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে।

২৯ নভেম্বর প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ নভেম্বর ১৯টি দল এবং ১ ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হবে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন

পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট অনুষ্ঠিত হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।

ভোটার তালিকা হালনাগাদ

বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন।

তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

গত ৩১ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন বেড়েছে বলে জানান তিনি। হালনাগাদ করা এই ভোটার তালিকা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ইসি সচিব।

বিধিমালা সংশোধন

নির্বাচন কমিশনের হালনাগাদ করা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় নির্বাচনি অপরাধের শাস্তি, প্রার্থিতা বাতিল এবং অনিয়মপূর্ণ ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করার ক্ষমতা স্পষ্ট করা হয়েছে।

বিধিমালার ৮০(ক) অনুযায়ী, নির্বাচনি দায়িত্বে থাকা কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া, ভয়ভীতি দেখানো, আঘাত করা কিংবা বলপ্রয়োগের মাধ্যমে দায়িত্ব পালনে বাধা দেওয়া বা বাধা দেওয়ার চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ।

একইভাবে নির্বাচন কমিশনের অনুমোদিত গণমাধ্যম প্রতিনিধি ও পর্যবেক্ষকদের কাজে বাধা দেওয়া, তাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা কিংবা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জাম নষ্ট করাও অপরাধ হিসেবে বিবেচিত হবে।

কোনো ভোটারকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া কিংবা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার মতো কাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। এসব অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।

এ ছাড়া ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে উপস্থিত থাকা বা অপেক্ষা করা কোনো ব্যক্তিকে ভোট দিতে বাধা দেওয়া এবং তাকে কেন্দ্র ছেড়ে যেতে বাধ্য করার চেষ্টার ক্ষেত্রেও সংশোধিত বিধিমালায় কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language