আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা,২৮ নভেম্বর-দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করতে বদ্ধপরিকর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাঁদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান এবং তাঁদের দায়িত্ববোধের প্রশংসা করেন। পাশাপাশি তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘ইতোমধ্যেই অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি।
ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত রয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক নামধারী কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করা ব্যক্তিরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে তাঁদের এ চেষ্টা কখনোই সফল হবে না।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন।
এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।
তাঁরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







