আইন-আদালত

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সুইডেন আসলাম

ঢাকা,২৮ নভেম্বর-খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এসএম আসলাম ওরফে সুইডেন আসলামের (৬৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গত ২৩ নভেম্বর তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আরেকটি আদালত। ওই রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে নতুন করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান। আবেদনটির শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতার এসএম আসলাম ওরফে সুইডেন আসলামের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, ইন্ধনদাতাদের শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং রনি, ভাঙ্গারি রনি, এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার বাদল, কাইলা বাদল ও শাহজাহানসহ পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

জানা গেছে, খন্দকার নাঈম আহমেদ টিটন দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১০ আগস্ট জামিনে মুক্তি পেয়ে বর্তমান ঠিকানায় বসবাস করছিলেন। রাজধানীর বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার বাদল, কাইলা বাদল, শাহজাহান, রনি ও ভাঙ্গারি রনিসহ সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত ২৬ এপ্রিল ছোট ভাই টিটন ফোনে বিষয়টি তাঁর বড় ভাইকে জানিয়েছিলেন।

এরপর গত ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা রাস্তার ওপর পূর্বপরিকল্পিতভাবে দুই অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে এসে টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। ডান কানের ওপরের অংশ, বাম ভ্রুর ওপরে কপাল, পিঠের বাম পাশের নিচে ও ডান পাশের ওপরে, বাম হাতের কনুইয়ের সামনের ও নিচের দিকে এবং বাম বগলের নিচে একাধিক গুলিবিদ্ধ হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language