আফগানিস্তানের কুনারে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত ও ৯৭ জন আহত

কাবুল,২৮ নভেম্বর-পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বাড়িতে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭ জন। শনিবার কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কর্তৃপক্ষ এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি। বিস্ফোরণের কারণও শনাক্ত করা যায়নি। তবে প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামিউল হক আলজাজিরাকে জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি মাধ্যমিক স্কুলের পাশে থাকা বাড়িতে বিস্ফোরণটি ঘটে।
তিনি জানান, বাড়িটি খনির কাজে জড়িত ব্যক্তিদের ছিল। তাঁরা সেখানে ডিনামাইট মজুত করে রেখেছিলেন। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে তদন্তকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হ্যান্ড গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







