আওয়ামী লীগ আমলের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল

ঢাকা,২৫ নভেম্বর-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করতে সারা দেশে গণশুনানির আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব গণশুনানির মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। প্রয়োজনে গণশুনানির সময় কোনো অপরাধীকে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হবে।
বুধবার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার বিষয়ে মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না হলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করা হবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব, এমন কোনো ঘটনা পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জেলা থেকে গণশুনানির কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে এ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।
সারা দেশে গণশুনানি আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ক্রসফায়ার, গুম, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার গুম কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও কোনো মামলা করেনি। আবার ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই, যেন বাংলাদেশে আর কখনো কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়। এ কারণেই আমরা এ কর্মসূচির মাধ্যমে জাতির কাছে বার্তাটি পৌঁছে দিতে চাই।’
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার পাশাপাশি অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। এখানকার তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। তাই এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ম্যান্ডেট রয়েছে।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







