মধ্যপ্রাচ্য

‘স্মোকিং গান’ ছাড়াই গণহত্যার দায় প্রমাণ: মিয়ানমারের ঐতিহাসিক রায়ে চরম বিপাকে ইসরায়েল ও নেতানিয়াহু?

তেল আবিব, ২০ নভেম্বর – রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ ঘোষণা করে মিয়ানমারের সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। দ্য হেগের শান্ত আদালত কক্ষে তিন ঘণ্টা ধরে পাঠ করা ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায় কেবল নেইপিদোর জান্তা সরকারের কফিনেই শেষ পেরেক ঠোকেনি, বরং গাজায় সামরিক অভিযানের জেরে গণহত্যার মামলার মুখোমুখি থাকা ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জন্যও বড় ধরনের অশনি সংকেত বয়ে এনেছে।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর এক বিশ্লেষণে উঠে এসেছে, এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনে এমন এক নজির স্থাপিত হয়েছে, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করতে আর কোনো একক ‘অকাট্য বা লিখিত প্রমাণের’ (স্মোকিং গান) প্রয়োজন হবে না।

কী ঘটেছে হেগের আদালতে? বদলে গেল গণহত্যা প্রমাণের চিরাচরিত ধারণা

দীর্ঘ আইনি লড়াই শেষে আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইসাসাওয়া ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় মিয়ানমারের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক আইনে এতদিন ধারণা করা হতো, নাৎসি বাহিনীর ‘ফাইনাল সলিউশন’-এর মতো কোনো সুনির্দিষ্ট লিখিত দলিল বা সরাসরি নির্দেশনামা ছাড়া কোনো রাষ্ট্রের ‘গণহত্যার অভিপ্রায়’ (জেনোসাইডাল ইনটেন্ট) প্রমাণ করা প্রায় অসম্ভব। ইসরায়েলের আইনজীবীরাও দীর্ঘদিন ধরে এই যুক্তিকেই তাদের প্রধান ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন।

কিন্তু আইসিজের এই রায় সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বিচারক ইউজি ইসাসাওয়া স্পষ্ট করে জানিয়েছেন, কোনো একক ‘স্মোকিং গান’ না থাকলেও বিপুল পরিমাণ ‘পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ’ (সারকামস্টেন্সিয়াল এভিডেন্স)-এর ভিত্তিতেই আদালত সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমার জান্তার কর্মকাণ্ডের পেছনে গণহত্যা ছাড়া অন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না।

রায় পাঠের সময় বিচারক বলেন: “দীর্ঘকাল ধরে অধিকার থেকে বঞ্চিত রাখা, বিদ্বেষপূর্ণ বক্তব্য, নির্বিচারে হত্যা ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, বুলডোজার দিয়ে গ্রাম গুঁড়িয়ে দেওয়া, বিপুল সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং অন্যদের দুর্গম শরণার্থী শিবিরে বন্দি করে রাখার মতো ঘটনাগুলো কেবল একটিই যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে: জান্তার মধ্যে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল এবং শেষ পর্যন্ত তারা গণহত্যাই চালিয়েছে—যা বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ।”

কেন এই রায় ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে?

যদিও প্রতিটি মামলার বিচার তার নিজস্ব পরিস্থিতির ওপর নির্ভর করে, তবুও মিয়ানমারের রায়ের চারটি গুরুত্বপূর্ণ আইনি পর্যবেক্ষণ ২০২৩ সালের ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা মামলার ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আত্মরক্ষা’ বা ‘সন্ত্রাস দমন’ তত্ত্বের সীমাবদ্ধতা

২০১৭ সালের আগস্টে ‘অপারেশন ক্লিয়ারেন্স’-এর নামে অন্তত ১০ হাজার রোহিঙ্গা হত্যা এবং ৭ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করার ঘটনাকে মিয়ানমার বরাবরই ‘বিদ্রোহ-দমন অভিযান’ বলে দাবি করেছে। কিন্তু আদালত রায় দিয়েছে যে, একটি সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে আত্মরক্ষামূলক অভিযানের পাশাপাশি ‘গণহত্যার অভিপ্রায়ও’ বিদ্যমান থাকতে পারে। খোদ ইসরায়েলি দৈনিক *জেরুজালেম পোস্ট* উদ্বেগ প্রকাশ করে লিখেছে, এই রায় ‘ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে’, কারণ আক্রান্ত গোষ্ঠীর একাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা আক্রমণ গণহত্যার শামিল হতে পারে বলে আদালত স্বীকৃতি দিয়েছে।

অতীত সামরিক অভিযানের ইতিহাস টেনে আনা

গণহত্যার অভিপ্রায় যাচাই করতে গিয়ে আদালত ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া মিয়ানমার সামরিক বাহিনীর পূর্ববর্তী অভিযানগুলোর ইতিহাস বিবেচনায় নিয়েছে। লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (সোয়াস) আইন অধ্যাপক নিমার সুলতানির মতে, এই বিষয়টি ইসরায়েলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ; কারণ ২০০০ সাল থেকে গাজায় ইসরায়েলের একাধিক সামরিক অভিযানের ইতিহাসও একইভাবে আদালতের বিবেচনায় আসতে পারে। তার ভাষায়, গাজায় অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে ইসরায়েলের ক্ষেত্রেও আদালত একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

তৃতীয় পক্ষের মামলা ও জাতিসংঘের তথ্যের গ্রহণযোগ্যতা

এই রায়ের মাধ্যমে আরও দুটি বিষয় প্রতিষ্ঠিত হয়েছে—প্রথমত, কোনো ফৌজদারি আদালতের পূর্ববর্তী রায়ের অপেক্ষা না করেই জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, সরাসরি সংঘাতে জড়িত নয় এমন কোনো তৃতীয় পক্ষও মামলা করতে পারে—যেমনটি রোহিঙ্গা মামলায় করেছে গাম্বিয়া, আর গাজা মামলায় করেছে দক্ষিণ আফ্রিকা।

নেতানিয়াহু থেকে আইজেনকোট—চাপে ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্ব

সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন এবং যুদ্ধাপরাধের অভিযোগে আগে থেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন। তবে আইসিজে যদি ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে, তবে তা নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সরকার গঠনের চেষ্টায় থাকা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের জন্যও স্বস্তির হবে না। কারণ ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত—যখন গাজায় দৈনিক মৃত্যু ও ইসরায়েলি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য ছিল সর্বোচ্চ—তখন আইজেনকোট নিজেই দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন।

এনএন/ ২০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language