বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

২০ নভেম্বর-বিশ্বের সেরা গোলকিপারদের ট্রান্সফার ভ্যালু বা দলবদলের সম্ভাব্য মূল্যের তালিকায় এখন সবার শীর্ষে রয়েছেন স্পেন ও বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া। কাতালান ক্লাবটির এই গোলরক্ষকের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো।
২৫ বছর বয়সী গার্সিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তার সম্ভাব্য মূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো। গার্সিয়ার চেয়ে দুই বছরের বড় ডোনারুম্মার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদও ২০৩১ সালের জুন পর্যন্ত। অন্যদিকে, ৬ কোটি ৪২ লাখ ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে আছেন বেলজিয়াম ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার সেন্নে ল্যামেন্স।
সিআইইএস ফুটবল অবজারভেটরি তাদের নিজস্ব পরিসংখ্যানভিত্তিক মডেল ব্যবহার করে এই তথ্য তৈরি করেছে। পুরোনো ও সাম্প্রতিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের সম্ভাব্য দলবদলের মূল্য নির্ধারণ করে এই মডেল।
শীর্ষ ১০-এ থাকা গোলকিপারদের মধ্যে সাতজনই প্রিমিয়ার লিগে খেলেন। বাকি তিনজন হলেন বার্সেলোনার গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ, যিনি নবম স্থানে রয়েছেন, এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ, যিনি আছেন দশম স্থানে।
ইংল্যান্ডের আলোচিত গোলকিপার জেমস ট্র্যাফোর্ড ৪ কোটি ৮৯ লাখ ইউরো সম্ভাব্য মূল্য নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছেন। তিনি লিডসের হয়ে খেলেন।
শীর্ষ পাঁচ লিগের বাইরে সিআইইএস প্রতিবেদনের লেখকরা পোর্তোর গোলকিপার ডিয়েগো কস্তার কথা উল্লেখ করেছেন। মাতেই কোভার (পিএসভি আইন্দহোভেন) এবং ম্যাডস হারমানসেনের (ওয়েস্ট হ্যাম) চেয়ে এগিয়ে থেকে তিনি এই তালিকায় সবার ওপরে রয়েছেন। অন্যদিকে, লিভারপুলের মালিকানাধীন কেআরসি গেঙ্কের গোলকিপার লুকা ব্রুঘমান্স সেরা ১০০ জনের মধ্যে সবচেয়ে কম বয়সী। তার বয়স ১৮.৪ বছর এবং সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো।
প্রথম ১০০ জনের তালিকায় অনূর্ধ্ব-২১ বয়সী বাকি মাত্র দুজন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি, যার বয়স ১৯.৫ বছর, এবং ক্রুজেইরোর ওতাভিও, যার বয়স ২০.৯ বছর।
এস এম/ ২০ নভেম্বর ২০২৬







