উত্তর আমেরিকা

পুতিনকে ‘আমার বন্ধু’ বললেন ট্রাম্প, শি জিন পিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি

পুতিনকে ‘আমার বন্ধু’ বললেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৯ নভেম্বর-চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে পুতিনকে ‘আমার বন্ধু’ (মাই ফ্রেন্ড) বলে সম্বোধন করেন ট্রাম্প। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে সঙ্গে নিয়ে তিন নেতার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে পুতিনকে ট্রাম্প বলেন, বহু বছর ধরে তাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। এই বৈঠক থেকে অনেক ভালো কিছুর সূচনা বা অর্জন হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে বৈঠকের শুরুতে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। এ সময় পুতিনের কানে সংক্ষেপে কিছু বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’

এদিকে, তিন নেতার বৈঠকে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। বড় ধরনের হামলা আপাতত বন্ধ থাকলেও এই সংঘাতের অচলাবস্থা এখনো কাটেনি।

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, আসন্ন বৈঠকে বিশ্বশান্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিন নেতা বিস্তারিত আলোচনা করবেন।

ইরান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেওয়া শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রাম্প নিজের প্রশাসনের কূটনৈতিক প্রভাব তুলে ধরার পাশাপাশি সংঘাতের অবসানে রাশিয়া ও চীনের সহযোগিতা চাইতে পারেন। দেশ দুটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীন ইরানের কাছ থেকে তেল কিনে দেশটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।

বেইজিং চাইবে যুদ্ধের অবসান হোক এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হোক। যুদ্ধ শুরুর আগে চীনের অপরিশোধিত তেল সরবরাহের এক-তৃতীয়াংশেরও বেশি এই জলপথ দিয়ে আসত। অন্যদিকে, জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কারণে লাভবান হয়েছে রাশিয়া।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language