সৌদি আরবের কিছু এলাকা হুতিদের দখলে, দাবি টাকার কার্লসনের

ওয়াশিংটন, ১৮ নভেম্বর-ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। একই সঙ্গে যুদ্ধের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতি মার্কিন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলার পর তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের এই হামলার পেছনে কারা সহায়তা করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গত সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, হুতিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা সৌদি আরবের কিছু অংশ দখল করে রেখেছে। মার্কিন গণমাধ্যমে বিষয়টি প্রচার করা হচ্ছে কি না, তা তিনি জানেন না। তবে এটি বাস্তব ঘটনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই মুহূর্তে সৌদি আরবের ভূখণ্ডে হুতি বাহিনী অবস্থান করছে কি না—হ্যাঁ, তারা সেখানে রয়েছে।
সৌদি ভূখণ্ডে হুতিদের এই ‘দখলদারিত্বের’ তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন, সে বিষয়ে কার্লসন নির্দিষ্ট করে কিছু জানাননি। তবে এই গণমাধ্যম ব্যক্তিত্ব প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গত অক্টোবরে এক প্রতিবেদনে জানিয়েছিল, কার্লসন ভূমধ্যসাগরে আরব উপসাগরীয় রাজপরিবারের কয়েকজন নির্দিষ্ট সদস্যের ইয়টে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এ ছাড়া সোমবারের সাক্ষাৎকারে কার্লসন দাবি করেন, তিনি ‘এই সপ্তাহেই’ উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার কঠোর সমালোচক হিসেবে পরিচিত টাকার কার্লসন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিজের বন্ধু মনে করেন। ইরান ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও ওয়েইচার্টকে জানিয়েছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়েছে।
কার্লসনের এই দাবির আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে ‘মিডল ইস্ট আই’ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, হুতিরা সৌদি আরবের ভেতরে প্রবেশ করে হামলা চালাচ্ছে। সূত্রগুলো তখন জানিয়েছিল, এসব হামলা অক্টোবর মাসে হয়েছিল। তবে ওই সময়ও হুতিরা সৌদি ভূখণ্ড দখল করে রেখেছিল কি না, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানায়নি।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম সীমান্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। পাহাড় ও বিশাল মরুভূমি নিয়ে গঠিত এই অঞ্চলটি ইয়েমেন যুদ্ধের আগের দফার সংঘাতের পর পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছিল। ওই সময় বহু গ্রাম থেকে মানুষকে উচ্ছেদ করা হয়েছিল। তখনও হুতিরা সৌদি আরবের ভেতরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও হামলা চালিয়েছিল।
বর্তমানে হুতি এবং সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে মূল সংঘাত ইয়েমেনের সীমানার ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। হুতিরা বর্তমানে দেশটির সরকারের অস্থায়ী রাজধানী ও বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে। তবে সৌদি আরবের ভেতরে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার কথা হুতিরা প্রকাশ্যেই বলে আসছে। তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের তিনটি প্রদেশ—আসির, জাজান ও নাজরানের ওপর নিজেদের দাবি জানায়। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এই তিনটি প্রদেশ সৌদি আরবের কাছে হস্তান্তর করেছিল।
হুতি আন্দোলনের উৎপত্তি ইয়েমেনের সা’দা প্রদেশে। সৌদি আরবের সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত এই অঞ্চলটি একটি পার্বত্য এলাকা। আন্দোলনটির প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুতির নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। হুতিরা শিয়া ইসলামের জায়েদি মতবাদের অনুসারী। ইয়েমেনি সমাজের সব স্তর থেকেই তারা যোদ্ধা সংগ্রহ করলেও তাদের শীর্ষ নেতারা নিজেদের ‘হাশেমি’ বংশধর বলে দাবি করেন। এর মাধ্যমে তারা নিজেদের হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধারার সঙ্গে যুক্ত করেন।
সাক্ষাৎকারে কার্লসন আরও বলেন, তার ধারণা, সৌদি আরবকে দুর্বল দেখতে চায় এমন কিছু শক্তি ইরান ছাড়াও হুতিদের এই যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, হুতিদের আসলে কারা নিয়ন্ত্রণ করছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তার মতে, হুতিদের ওপর ইরানের ব্যাপক প্রভাব রয়েছে। তবে এর পেছনে কি শুধু এই একটি শক্তিই রয়েছে?
হুতিদের কারা সমর্থন দিচ্ছে বলে তিনি মনে করেন, সে বিষয়ে কার্লসন সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে গত অক্টোবরে সংবাদমাধ্যম ‘ড্রপসাইট নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো গোপনে হুতিদের লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ দিয়ে সহায়তা করছে।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







