পিরোজপুর
নাজিরপুরে আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুর,১৮ নভেম্বর-পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদেও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ীতে আগুনে ছয়টি দোকান পুড়ে যায়। অন্যদিকে, রাত পৌনে ২টার দিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
দুই স্থানে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
ওসি তরিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে কবিরাজবাড়ীতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







