বিজ্ঞান ও প্রযুক্তি

উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়ানোর আশঙ্কায় টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান

টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান

মাস্কাট,১৬ নভেম্বর-ডিজিটাল মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়া ঠেকানোর কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান। গত মাসে দেশটির একটি গির্জায় প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা উদ্বেগের মধ্যে সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারি সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত এক বিবৃতিতে জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানায়, ডিজিটাল নিরাপত্তা জোরদার, ব্যবহারকারীদের সুরক্ষা এবং অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ কর্মকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাইবার অপরাধ, হুমকি, ব্ল্যাকমেইল এবং অবৈধ কনটেন্ট ছড়ানোর কাজে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করতে চায় কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে, এমন উগ্রবাদ ও মৌলবাদ ছড়িয়ে পড়া ঠেকানোও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান আইন মেনেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার জগতে সংঘটিত অপরাধ ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

তবে টেলিগ্রামের ওপর এই নিষেধাজ্ঞা কত দিন কার্যকর থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কোন নির্দিষ্ট ঘটনার কারণে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে, তাও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

এদিকে, গত ২৩ অক্টোবর জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যে অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর হামলা হয়। এতে নয়জন নিহত এবং ৩৪ জন আহত হন।

ওই হামলার ঘটনায় রোববার দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট তিনজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এরপরই অনলাইন মাধ্যমে উগ্রবাদ ছড়িয়ে পড়া ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত সামনে এলো। তবে গির্জায় হামলার সঙ্গে টেলিগ্রামের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language