আইন-আদালত

রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় কাল ঘোষণা করবেন হাইকোর্ট

রামিসা হত্যা মামলায় দুই আসামি

ঢাকা,১৬ নভেম্বর-রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। তাঁর স্বীকারোক্তিতেই অপরাধের পুরো ঘটনা উঠে এসেছে। এ ছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ যথাযথভাবে মূল্যায়ন করেই বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

অপরাধে সহ-আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ জানায়, অপরাধের পুরো ঘটনা স্বপ্না খাতুন জানতেন। এ কারণেই তিনি তাঁর স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বপ্না খাতুন এই অপরাধের সঙ্গে জড়িত। সোহেল ও স্বপ্নার মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এমন নৃশংস অপরাধ ঘটানোর সুযোগ থাকত না। বিচারিক আদালত যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাই সোহেল রানার পাশাপাশি স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডও বহাল রাখার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে, আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে দাবি করেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তাই তাঁকে খালাস দেওয়া হোক।

রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। ভুক্তভোগী রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর কক্ষের জানালার গ্রিল কেটে এক নম্বর আসামি সোহেল রানা পালিয়ে যান। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ আসামি স্বপ্নাকে হেফাজতে নেয়। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গত ২১ মে ওই মামলায় সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়।

গত ২৫ মে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ওই দিনই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এক দিনেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হয়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এ ছাড়া আসামি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে বলা হয়েছে।

জরিমানার টাকা পরিশোধ না করলে কালেক্টরেট অফিসকে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়।

এরপর রামিসা হত্যার ঘটনায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্সের সব নথি হাইকোর্টে পৌঁছায়। পরে দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language