জাতীয়
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৫০০ ছাড়াল

ঢাকা,১৬ নভেম্বর-ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে ৫০২ জনে দাঁড়িয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল রবিবার ডেঙ্গুতে আটজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৯৫২ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







