জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলা: মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ঢাকা,১৬ নভেম্বর-চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় তার ওপর হামলা চালানো হয়।
একপর্যায়ে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসক জানান, শাকিলের ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







