জাতীয়

অক্টোবরে ভ্যাট আদায়ে রেকর্ড গড়ল এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট, প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ

এনবিআর

ঢাকা,১৬ নভেম্বর-চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ভ্যাট রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। এ মাসে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।

তবে অক্টোবর পর্যন্ত নির্ধারিত ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এলটিইউ, ভ্যাট। লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হলেও আগের মাসগুলোতে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধির পর অক্টোবরে এই সাফল্য রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এলটিইউ, ভ্যাটের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় দাঁড়ায় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে আদায় হয় ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা।

চলতি অর্থবছরের অক্টোবরে রাজস্ব আদায় বেড়ে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায় পৌঁছেছে। ফলে গত কয়েক বছরের অক্টোবর মাসের রাজস্ব আদায়ের রেকর্ড ছাড়িয়েছে এলটিইউ, ভ্যাট।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language