ফুটবল

প্রতিপক্ষ ফুটবলারের মৃত্যুর ঘটনায় এফসি আন্দোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

আন্দোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

মাদ্রিদ,১৪ নভেম্বর-ম্যাচের যোগ করা সময়ে মাঠের প্রায় মাঝমাঠে এসে দলকে বিপদ থেকে রক্ষা করেন হেসুস ওনোনো। তবে দলকে বিপদমুক্ত করতে গিয়ে যে ঘটনার সাক্ষী হলেন, তা হয়তো কোনো দিনই ভুলতে পারবেন না এফসি অ্যান্ডোরার এই গোলরক্ষক। ম্যাচের শেষ মুহূর্তে তাঁর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল।

পরদিনই মারা যান মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের এমন মৃত্যু কল্পনাও করতে পারেননি ওনোনো। ওই ঘটনার জেরে এবার ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এফসি অ্যান্ডোরার গোলরক্ষক। গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়েছে, রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করায় ওনোনোকে বহিষ্কার করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার মর্মান্তিক পরিণতি, অর্থাৎ হেসুস দে মিগেলের মৃত্যু সবারই জানা। আচরণের ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়াকে যুক্তিসংগত মনে করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে স্পেনের পুলিশ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আদালতের তত্ত্বাবধানে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

দে মিগেলের মৃত্যুর পর শোক প্রকাশ করে ওনোনো বলেছিলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। ক্লাব অ্যান্ডোরার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছি। কী ঘটেছে, তা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। এ বিষয়ে কথা বলার ভাষাও খুঁজে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘হেসুসের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। তাঁর কথা, তাঁর পরিবার এবং যারা তাঁকে ভালোবাসতেন, তাঁদের কথা ভাবছি। আমি জানি, এ ঘটনায় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। যা-ই আসুক, সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে তা মোকাবিলা করব। তবে এই মুহূর্তে হেসুস ও আমাদের সবার কষ্ট ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, হেসুস।’

দে মিগেলের মৃত্যুর পর চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকান কাপ অব নেশন্সের বাছাইপর্বের ম্যাচের জন্য নিরক্ষীয় গিনির দল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন ২৫ বছর বয়সী ওনোনো।

বৃহস্পতিবার এফসি অ্যান্ডোরার কোচ কার্লেস মানসো জানান, কবে এবং কখন আবার ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত ওনোনো নিজেই নেবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গোলরক্ষককে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেবে ক্লাব।

গত শনিবার টেনেরিফের স্টেডিয়ামে দে মিগেলের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন ক্লাবটির সমর্থক ও খেলোয়াড়েরা। গত বৃহস্পতিবার তাঁর জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language