ফুটবল

সাফ চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসী হামজা, শিরোপাই বাংলাদেশের লক্ষ্য

হামজা চৌধুরী

ঢাকা,১১ নভেম্বর-প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলছেন হামজা চৌধুরী। টুর্নামেন্টকে সামনে রেখে নিজের ও দলের লক্ষ্য জানাতে গিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ডপ্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাঁর আশা, এবার সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

মঙ্গলবার অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামজা। এ সময় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রথমত আমি ভীষণ রোমাঞ্চিত (দেশের হয়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলা নিয়ে)। আমরা সবাই রোমাঞ্চিত। অবশ্যই সব ম্যাচই গুরুত্বপূর্ণ মোমেন্টাম ধরে রাখার জন্য। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি, আমাদের ওপর চাপ আছে (শিরোপা জয়ের), খুব চাপ আছে, ইনশাল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় (আমরা চ্যাম্পিয়ন হই)। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে, ও অন্যান্য দলের সাথে ভালো করেছি। ভারতকে হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা জানি, আমাদের সেই মান আছে; আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাল্লাহ এই পর্যায়ে ও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

বুধবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা কোচ থমাস ডুলির দল এরই মধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান হামজা।

ভুটানের বিপক্ষে জয়সূচক গোল পেতে বাংলাদেশকে ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। একের পর এক গোলের সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারছিলেন না ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিমের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারা নিয়ে চিন্তিত নন হামজা। তাঁর মতে, দলের ফরোয়ার্ডদের গোল করার সামর্থ্য রয়েছে। সুযোগ তৈরির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে গোলও পাওয়া যাবে।

এ বিষয়ে হামজা বলেন, ‘স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে এবং আমরা খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে, প্রস্তুতি নিতে হবে। ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরও গোল করতে পারব; আরও ম্যাচ জিততে পারব।’

ভুটান ম্যাচে গোলের সুযোগ নষ্ট হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দুঃশ্চিন্তা নাই (ভুটান ম্যাচের গোল মিস নিয়ে)। দুঃশ্চিন্তা করতাম, যদি গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। আসলে আমরা সুযোগ তৈরি করেছি। আমি যেটা বলতে চাইছি, আমরা সুযোগ তৈরি করছি, ইনশাল্লাহ সেটাকে গোলে রূপ দিতে পারব।’

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language