ফুটবল

বারবার চোটে হতাশ নেইমার, ভাবছেন পেশাদার ফুটবল ছাড়ার কথা

নেইমার

ব্রাসিলিয়া,১১ নভেম্বর-একসময় ফুটবল মাঠে নিজের অসাধারণ নৈপুণ্যে কোটি ভক্তকে মুগ্ধ করেছেন নেইমার জুনিয়র। তবে দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করতে গিয়ে আগের সেই ছন্দ হারিয়েছেন তিনি। বারবার ইনজুরিতে পড়া এবং আগের অবস্থায় ফিরতে না পারার হতাশা থেকে এবার পেশাদার ফুটবল থেকে অবসরের কথাও ভাবছেন ব্রাজিলের এই তারকা।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক সমস্যার কারণে নিজের সেরা ছন্দে ফিরতে না পারার হতাশা নেইমারকে অবসরের চিন্তা করতে বাধ্য করছে।

সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। সেখানে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড জানান, তিনি কিংস লিগে খেলতে চান। পাশাপাশি ২০৩০ সাল পর্যন্ত ফুটবল খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।

এ সময় গুয়েদেস তাকে মনে করিয়ে দেন, ২০৩০ সালে নেইমারের বয়স হবে ৩৯ বছর। অর্থাৎ তার সামনে আরও পাঁচ-ছয় বছর খেলার সুযোগ রয়েছে। তবে জবাবে নেইমার বলেন, ‘না, আমি পারব না।’

গুয়েদেস একই বিষয় আবার জানতে চাইলে নেইমার সংক্ষেপে বলেন, ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’

বারবার চোটে পড়ে মাঠের বাইরে থাকা এবং মাঠে ফেরার পর আবারও ইনজুরিতে পড়ার আশঙ্কা নেইমারের শারীরিক ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। এ কারণে অবসরের চিন্তাকে এখন আর দূরের কোনো বিষয় হিসেবে দেখছেন না তিনি।

বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। তবে চোটে জর্জরিত ক্যারিয়ার আর কত দিন চালিয়ে যাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজিলের এই তারকা।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language