জাতীয়

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি

ঢাকা,১১ নভেম্বর-মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়ন করতে বাংলাদেশ সফরে আসছেন দেশটির মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

বুধবার (১১ নভেম্বর) থেকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে, তারা এই সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

তার সফরসূচিতে ঢাকায় বেশ কয়েকটি বৈঠকের পাশাপাশি কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

বিশেষ র‌্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language