জাতীয়

চলন্ত ট্রেন থেকে খুলে পড়ল মহানগর এক্সপ্রেসের দরজা, আহত ২ যাত্রী

আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন

ঢাকা,১১ নভেম্বর-কক্সবাজার-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা চলন্ত অবস্থায় খুলে নিচে পড়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ভেতরে থাকা দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চলন্ত ট্রেন থেকে দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দরজাবিহীন অবস্থাতেই ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। তবে খুলে পড়া দরজার আঘাতে রেললাইনের নিচে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ পড়ে যাওয়া দরজাটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও ট্রেনের একাধিক স্টুয়ার্ড সূত্রে জানা গেছে, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সালদানদী স্টেশন পার হয়ে মন্দবাগ স্টেশনের কাছাকাছি পৌঁছালে ‘ড’ বগির একটি দরজা হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এ সময় দরজার সামনে একাধিক যাত্রী দাঁড়িয়ে ছিলেন।

বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করলে ‘ড’ বগির ২ নম্বর আসনের যাত্রী মো. জহিরুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ শব্দ শুনে উঠে দেখেন, একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের সমস্যা হয়নি।

ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, ট্রেনে অতিরিক্ত যাত্রীচাপ ছিল। বিশেষ করে কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়। সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে একটি অটোরিকশা আটকে যায়। স্থানীয় লোকজন সেটি সরানোর চেষ্টা করছিলেন। এর মধ্যেই দরজায় ধাক্কা লাগলে সেটি খুলে নিচে পড়ে যায়। এ সময় দরজার সামনে থাকা দুই যাত্রীর পায়ে সামান্য ব্যথা লাগে।

তিনি আরও জানান, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর তারা দরজাটি উদ্ধার করেন। দরজাটির তেমন কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনাকবলিত বগিটির দরজা সব সময় বন্ধ রাখা হয়। তবে অনেক সময় যাত্রীরা নিষেধ না মেনে দরজাটি দুই-চার আঙুল পরিমাণ ফাঁকা করে রাখেন।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language