তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,১০ নভেম্বর-তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।
৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সকালে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
তিনি আরও জানান, ফ্লাইটটি ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







