ফুটবল

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই

হারুনুর রশীদ

ঢাকা,১০ নভেম্বর-রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই। সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ।

আবাহনী ক্লাব প্রতিষ্ঠা এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ, দূরদর্শী ও অভিজ্ঞ সংগঠককে হারাল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন হারুনুর রশীদ। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচবারের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত ফেডারেশনের নির্বাহী কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। ফুটবল ফেডারেশন ও আবাহনী ক্লাবের পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও তার ভূমিকা ছিল। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাকে সেরা সংগঠকের সম্মাননাও দিয়েছে। ২০২৩ সালে তিনি প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার পান।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language