জাতীয়

যুক্তরাষ্ট্রে চিকিৎসার খরচে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞা হতে পারে

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস

ঢাকা,০৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময় চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এ ধরনের সরকারি সুবিধা গ্রহণকে ভিসার শর্ত ভঙ্গ হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সফরের সময় চিকিৎসার খরচ বহনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। ভিসায় উল্লেখ করা শর্ত অমান্য করলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে পরবর্তী সময়ে দেশটিতে প্রবেশের অনুমতি নাও পাওয়া যেতে পারে।

এর আগে গত ৩১ অক্টোবর দেওয়া আরেকটি বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশটি ছেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল দূতাবাস।

সেখানে বলা হয়, ভিসায় উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) অনুযায়ী অবস্থানের অনুমোদিত সময় শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এই তারিখ যাচাই করার জন্য i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।

এ ছাড়া গত ২৮ অক্টোবর দেওয়া আরেকটি বার্তায় ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সতর্ক করে দূতাবাস। সেখানে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক সভায় অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা নিতে হবে।

বিবৃতিতে মার্কিন দূতাবাস আরও স্মরণ করিয়ে দিয়েছে, ভিসার সব শর্ত মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language