এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ২ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা

ঢাকা,০৪ নভেম্বর-প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন শিক্ষার্থীরা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে সরকার।
বিশেষ এই পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার সাপ্লিমেন্টারি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও তথ্য জানিয়ে বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের এই বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের কিছু নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।
তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। তবে শুধু চলতি বছরের পরীক্ষার্থীরাই নন, ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, আগের বছরগুলোতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের অবশ্যই ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া অথবা বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।
অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে টানা দুই বা তিন বছর অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে আন্তশিক্ষা বোর্ড। এই প্রক্রিয়া ৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এ ছাড়া ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
এস এম/ ০৪ নভেম্বর ২০২৬







