ইউরোপ

ইউরোপের সঙ্গে যুদ্ধে রাশিয়া প্রস্তুত, তবে সংঘাত চায় না: পুতিন

পুতিন

মস্কো,৩০ অক্টোবর-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে হলে রাশিয়া পুরোপুরি প্রস্তুত। তবে মস্কো এমন কোনো সংঘাত চায় না।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনে কথা বলার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন। ফোনালাপের পর তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে তিনি সমর্থন করেন।

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছালে, যেখানে যুদ্ধ এড়ানোর আর কোনো সুযোগ থাকবে না, তখন কোনো পক্ষই জয়ী হবে না। পশ্চিমা দেশগুলো ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে পুতিন বলেন, ‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। তবে তাদের মধ্যে কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা তা নিতে পারে।’

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিলেন পুতিন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছি না। তবে ইউরোপ যদি হঠাৎ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং তা শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত।’

বৃহস্পতিবার পুতিন আরও বলেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করার লক্ষ্য অর্জনে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই জয়ী হবে না।’ একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোকে বিষয়টি ‘ভুলে না যাওয়ার’ আহ্বান জানান তিনি।

এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। রুশ নেতা জানান, ইউরোপীয় নেতারাই এই ফোনালাপের উদ্যোগ নিয়েছিলেন। তিনি আলোচনাটিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language