ঢাকায় ট্রাফিক আইন ভাঙায় এক দিনে ২ হাজার ৩৮৯ মামলা, ডাম্পিং ৭৫৮ গাড়ি

ঢাকা,২৭ অক্টোবর-রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৫৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১৭টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪২১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৩৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১১টি মোটরসাইকেলসহ ৩৪৯টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩২৫টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৪০৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এস এম/ ২৭ অক্টোবর ২০২৬







