বাংলাদেশে আগামী ৫ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

ঢাকা,২৩ অক্টোবর- বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এই বিনিয়োগ বাংলাদেশে আসবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
জাপানের এই বিনিয়োগ বাংলাদেশের অটোমোবাইল শিল্প, অন্যান্য উৎপাদন খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। একই সঙ্গে জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এও জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই করেছে জাপান।
এস এম/ ২৩ অক্টোবর ২০২৬







