জাতীয়

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ঢাকা,২৩ অক্টোবর- সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে শাহেদের মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়টি জানানো হয়।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩ জনের মধ্যে শাহেদ আহম্মেদও ছিলেন। ওই হামলায় নিহত অন্য বাংলাদেশি হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরি। এ ঘটনায় আরও ২৭ বাংলাদেশি আহত হন।

এদিকে, নিহত শাহেদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তার বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, জমা হওয়া এই অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এস এম/ ২৩ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language