মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা দিলেন মৎস্যমন্ত্রী

ঢাকা,১৮ অক্টোবর-মা ইলিশ সংরক্ষণে ১১১ জন সংসদ সদস্যকে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার জন্য ৩৮টি জেলার এসব সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মন্ত্রী।
ডিও লেটারে মা ইলিশ সংরক্ষণে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। তিনি বলেন, জাতীয় মৎস্যসম্পদ এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ রক্ষার লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময়ও আইনত নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করতে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করা শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের ওপর নির্ভর করে না। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।
ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বাড়ানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট নেতা-কর্মীদের অভিযান বাস্তবায়নে সহযোগিতা করা, জেলেদের আইন মেনে চলতে উৎসাহিত করা এবং অবৈধভাবে ইলিশ ধরা নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬







