জাতীয়

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

ঢাকা,১৩ অক্টোবর- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চা ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি প্রকাশ করেছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানের পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে নজরুলচর্চা ও তাঁর সৃষ্টিকর্ম সংরক্ষণ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা, সৃজনশীলতার বিকাশ এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় নজরুলের ইসলামি সংগীত ও গজল, হামদ-নাত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, রচনা, একক নৃত্য এবং নির্ধারিত ও উপস্থিত বক্তৃতার মতো বিষয় রাখা হয়েছে। শিক্ষার্থীদের স্তর অনুযায়ী আলাদা বিভাগ ও প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী অংশ নিতে পারে।

রচনা প্রতিযোগিতায় মৌলিক লেখা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রচনা হাতে লিখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্যসূত্র ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের স্তরভেদে রচনার শব্দসীমা ৫০০ থেকে ২ হাজার শব্দের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিযোগিতার কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এস এম/ ১৩ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language