মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ

মেহেরপুর-১১ অক্টোবর-মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষসহ মোট ছয়জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে তাঁদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রবিবার (১১ অক্টোবর) ভোরে আন্তর্জাতিক সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি পুশইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল বাধা দেয়। একপর্যায়ে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সকাল ৮টার দিকে ওই ছয়জনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে, গত শুক্রবার (৯ অক্টোবর) গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়েও দুই পুরুষ, এক নারী ও এক শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।
একের পর এক এমন ঘটনার কারণে সীমান্ত এলাকায় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এস এম/ ১১ অক্টোবর ২০২৬







