জাতীয়

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, বললেন মাহদী আমিন

মাহদী আমিন

ঢাকা, ০৪ অক্টোবর-প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, জাইমা রহমান বাংলাদেশ সরকারের কোনো পদে বা জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনে নিয়োগ পাননি। জাতিসংঘের নিজস্ব নিয়ম, বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ তাকে নিয়োগ দিয়েছে।

জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে একটি চাকরি পেয়েছেন, যার সঙ্গে বাংলাদেশ সরকারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এরপরও বলা হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে এই চাকরি দেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, জাইমা রহমান জাতিসংঘের পি-৩ পর্যায়ের একটি পেশাগত পদে আবেদন করে নিয়োগ পেয়েছেন। এ ধরনের পদে সাধারণত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন হয়।

তিনি বলেন, জাতিসংঘের পি-১ হলো প্রফেশনাল লেভেল-১, যেখানে সাধারণত নতুন গ্র্যাজুয়েটরা চাকরি শুরু করেন। পি-২ পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয়। এরপর পি-৩ পর্যায়ে সাধারণত পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার হয়। এর ওপরে পি-৪ ও পি-৫সহ আরও উচ্চপর্যায়ের পদ রয়েছে। জাইমা রহমানের পেশাগত প্রোফাইলের সঙ্গে পি-৩ পর্যায়ের পদটি সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, নিয়োগের আবেদন থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট এবং আর্থিক সুবিধা—সবকিছুই জাতিসংঘের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের কোনো ধরনের প্রভাব বা সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, জাতিসংঘের নিয়ম, বিধি ও প্রক্রিয়া অনুযায়ী নির্বাহী কার্যালয়ের অধীন মানবসম্পদ টিমই নিয়োগ ও অ্যাপয়েন্টমেন্টের কাজ করে থাকে। জাইমা রহমানের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তার নিয়োগের তথ্য জাতিসংঘের ওয়েবসাইটে যাচাই করা যাবে বলেও জানান মাহদী আমিন।

জাইমা রহমানের নিয়োগ নিয়ে অপপ্রচার না করার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে একজন মানুষ আন্তর্জাতিক পরিসরে জায়গা করে নিয়েছেন। তার পেশাগত ক্যারিয়ারকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে দেখা বা অপপ্রচার চালানো কাম্য নয়।

এস এম/ ০৪ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language