ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে হারিয়ে বিশ্বকাপের হতাশা কাটানোর বার্তা টুখেলের

লন্ডন, ০৪ অক্টোবর-চলমান উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে জয়ের পর কোচ টমাস টুখেল বলেছেন, বিশ্বকাপের সেমিফাইনালে হারের সেই হৃদয়বিদারক স্মৃতি থেকে তার দল ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হারায় টুখেলের দল।
ওই ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুটি গোল হজম করে বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইংল্যান্ড। তবে সেমিফাইনালের ঠিক পরের ম্যাচে স্পেনের কাছে ৩-২ ব্যবধানে হারলেও দলটি শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছিল। শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষেও দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।
হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুজনই জোড়া গোল করেন। এছাড়া জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্সও গোল করেন। ম্যাচ শেষে টুখেল বলেন, ‘আমি অনেকবারই বলেছি, আমাদের মনে সবসময়ই একটা ক্ষত থেকে যাবে, আমরা সবসময়ই বেদনা ও হতাশা অনুভব করব। বাস্তবতা এটাই, তবে এগিয়ে যাওয়ার উপায়ও এটাই। বিশ্বকাপের পর আমরা কিছু বিষয়ে পরিবর্তন এনেছিলাম এবং তিনটি ম্যাচেই আমরা একই ধাঁচে খেলেছি।’
৫৩ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমরা ক্রমশ উন্নতি করছি এবং দলের সবাই এই পদ্ধতির সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেদনা বা হতাশা থাকলেও এগিয়ে যাওয়ার একমাত্র উপায় এটাই। সেই বেদনা ও হতাশা নিয়েই খেলতে হবে; খেলার প্রকৃতিই এমন।’
টুখেল আরও বলেন, দীর্ঘ একটি টুর্নামেন্টের পর শুরুতে পরিস্থিতিটা খুব একটা সহজ ছিল না। কিন্তু প্রথম অনুশীলন সেশন থেকেই দলের পারফরম্যান্স ছিল চমৎকার। এমন পরিস্থিতির মধ্যেও ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন দাপুটে জয় তুলে নেওয়া, এভাবেই আসলে সামনে এগিয়ে যেতে হয়।
এস এম/ ০৪ অক্টোবর ২০২৬







