জাতীয়

৪৯তম বিসিএস: ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৯তম বিসিএসে উত্তীর্ণ ৬১১ জন প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারে চূড়ান্ত নিয়োগ প্রদান করেছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের মূল শর্ত ও নির্দেশনা:

১. যোগদানের সময়সীমা: আগামী ১২ অক্টোবরের মধ্যে নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নতুন কোনো নির্দেশনা না এলে নির্ধারিত দিনেই যোগদান সম্পন্ন করতে হবে। ওই তারিখে কেউ ব্যর্থ হলে তিনি চাকরিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

২. বেতন স্কেল: নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুযায়ী ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা স্কেলে নিয়োগ প্রদান করা হয়েছে।

৩. শিক্ষানবিশ কাল: নবনিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলকভাবে দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সরকার এই সময়সীমা আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে।

৪. চাকরি থেকে অপসারণ: প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, শিক্ষানবিশ থাকাকালে যদি কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী হিসেবে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো কিংবা পিএসসির পরামর্শ ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

উল্লেখ্য, সরকারি সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট দূরীকরণে গত বছরের ১৯ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছিল পিএসসি। এতে মোট ১,২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হলেও প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর সম্পন্ন করে ৬১১ জনকে ক্যাডার পদে চূড়ান্ত নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language